| ঘাতক নাজমুল |
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা গ্রামে দাওয়াত খাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম তুলা মিয়া (৩৮)। তিনি পাশের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।
বন্ধুত্বের আড়ালে ভয়াবহ ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও অভিযুক্ত নাজমুল হক (২৭) দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাফেরা করতেন। বয়সের ব্যবধান থাকলেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।
ঘটনার রাতে নাজমুল তার বাড়িতে দাওয়াত দিয়ে তুলাকে নিয়ে আসেন। খাওয়া-দাওয়ার পরপরই হঠাৎ দা দিয়ে তুলাকে কোপাতে থাকেন তিনি। প্রাণ বাঁচাতে তুলা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। তখনই নাজমুল উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের অভিযান
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুলা মিয়া ও অভিযুক্ত নাজমুল চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ঘটনার পর অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালায় পুলিশ।
0 মন্তব্যসমূহ