শেরপুরের নালিতাবাড়ীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তায়িবা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ মার্চ) দুপুরে নালিতাবাড়ী-কাকরকান্দি সড়কের বিন্নিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তায়িবা ওই এলাকার হাসান আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শিশু তায়িবা সড়কের পাশে খেলা করছিল। এ সময় বিশগিরিপাড়া এলাকার মৃত আফসার আলীর পুত্র মোটরসাইকেল চালক ছামাদুল ইসলাম দ্রুতগতিতে এসে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্যসমূহ