শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় গরু, চিনি, ডাব সাবান, সানগ্লাস ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত এসব অভিযানে প্রায় ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার তাওয়াকুচা বিওপি’র বিজিবি সদস্যরা খাড়ামোড়া এলাকা দিয়ে পাচারের সময় একটি ভারতীয় গরু জব্দ করে। শুক্রবার হলদীগ্রাম বিওপি’র বিজিবি সদস্যরা হলদীগ্রাম সীমান্ত দিয়ে পাচারের সময় ২৪ বোতল ভারতীয় মদসহ শুকুর আলী (৬৭) ও রমজান আলী (২৬) কে আটক করে। একই দিনে সন্ধ্যাকুড়া সীমান্ত দিয়ে পাচারকালে ১,১৫২ পিস ভারতীয় সানগ্লাস জব্দ করা হয়।
এছাড়া, রামচন্দ্রকুড়া বিওপি’র বিজিবি সদস্যরা হালুয়াঘাটের রঙ্গনপাড়া এলাকা দিয়ে পাচারের সময় ২টি ভারতীয় গরু এবং হাতিপাগার বিওপি’র বিজিবি সদস্যরা একই এলাকা দিয়ে পাচারের সময় আরও ৫টি ভারতীয় গরু জব্দ করে।
অন্যদিকে, বান্দরকাটা বিওপি’র বিজিবি সদস্যরা চায়না মোড় সীমান্ত দিয়ে পাচারকালে ৫৪০ কেজি ভারতীয় চিনি ও ৫৭১ পিস ডাব সাবান জব্দ করে। বিজিবি জানায়, উদ্ধারকৃত সকল মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।বিজিবি আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



0 মন্তব্যসমূহ