Ad Code

Ticker

6/recent/ticker-posts

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা



শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হামলার ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায়। জাকারিয়া বাদলসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর আক্রমণ চালায়।

এতে গুরুতর আহত হন সোহাগ আলম ও রুহুল আমিন। তাঁদের উদ্ধার করে প্রথমে শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বাদল ও সোহাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে জাকারিয়া বাদলের মৃত্যু হয়।

শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন এবং নিহতের স্বজন ছাত্রদল কর্মী রমজান আলী জানান, বিএনপি নেতা লুৎফর রহমানের সঙ্গে জাকারিয়া বাদলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।


রমজান আলীর দাবি, বিএনপির দুই বিবদমান পক্ষের কারণে এই সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এছাড়া, হত্যাসহ একাধিক মামলার আসামি এবং কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নুরে আলমের সঙ্গে বাদলের রাজনৈতিক বিরোধ ছিল।


তিনি আরও বলেন, লুৎফর ও নুরে আলম মিলে বাদলকে দমন করতে একটি পরিকল্পনা করেন। হামলার দিন বাদলসহ তিনজন ভীমগঞ্জ বাজার থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে জাকারিয়া বাদলের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে কৃষক লীগ নেতা নুরে আলমের অনুসারীরা লুৎফরের লোকজনের সঙ্গে মিলে বাদলের ওপর হামলা চালিয়েছে।”

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান। তিনি বলেন,

“বাদল আমার দলের লোক, আমি কেন তার ওপর হামলা করব? তার অনেক শত্রু রয়েছে, তাদের কেউ হয়তো এই হামলা চালিয়েছে।”

এদিকে, শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন,

“এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ