দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা, সহিংসতা ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন'। এতে নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ ও সহযোগিতা করেন।
মানববন্ধনে বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থী বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে ক্লোডিয়া নকরেক কেয়া ও দিলরুবা বেগম তাদের মতামত তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ পাহাড়ী, শাকিব আহাম্মেদ, রুহুল সিদ্দিকী রোমান, একান্ত সিংহ অভি, যুথী, প্রভাসসহ আরও অনেকে।
মানববন্ধনের মাধ্যমে ধর্ষণ, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয় এবং নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ