শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, এএসআই হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান। অভিযানকালে ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে মোঃ জোনাব আলীর বসতবাড়ি তল্লাশি করে চারটি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ সালেমুজ্জামান জানান, ধৃত মোঃ জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল এবং বিভিন্ন স্থানে গাঁজা পাচার করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের সফল অভিযানের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0 মন্তব্যসমূহ