শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাও এলাকায় যমযম (মাহাদী) পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
আহত অটোরিক্সাচালকের নাম আমিরুল (৪০)। তিনি উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নন্নী বাজার থেকে নালিতাবাড়ী শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি চাঁদগাও এলাকায় পৌঁছালে সামনে চলন্ত অটোরিক্সার পেছনে ধাক্কা মারে। মুহূর্তেই অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং আমিরুল মারাত্মকভাবে আহত হন।
এদিকে ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে বাসেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়। আহত আমিরুলকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের মতে, বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।



0 মন্তব্যসমূহ